হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর অভিযোগ
খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা সালেক ও যুবদল নেতা সেলিম
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধ ॥ বালু বোঝাই ট্রাক্টর চলাচলের কারণে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরঘেষা খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর প্রতিরক্ষা বাঁধ। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধটি ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে গতকাল বালু উত্তোলন বন্ধ ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে লিজ ছাড়াই খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ সালেক মিয়া ও যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম এবং তাদের লোকজন। উত্তোলন করা বালু ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে প্রতিদিন বিক্রি করছে তারা। বালু বোঝাই ট্রাক্টর চলাচলের কারণে সড়কগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিকট শব্দে ট্রাক্টরগুলো চলাচল করায় এলাকাবাসীর ঘুমের ব্যাঘাতসহ পড়ালেখা করতে পারছে না ছাত্রছাত্রীরা।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, লিজ ছাড়া নদী থেকে বালু উত্তোলন নিষেধ। তাছাড়া শহরে ট্রাক্টর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে, এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

