মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শালসহ গাড়ি জব্দ করেছে। যার সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সকালে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। এ সময় টহল দলের কাছাকাছি আসলে ১টি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হয়। কাভার্ড ভ্যানটি তল্লাশী করে গাড়ি ভর্তি কাঠের গুড়া দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে কাভার্ড ভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি থেকে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শালসহ গাড়ীটি জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।