স্টাফ রিপোর্টার ॥ ছোট ভাই’র আঙ্গুল কাটার মামলায় বাহুবলের মোঃ হারুনুর রশীদ (৪৫) নামে এক শিক্ষককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার আমল আদালত-৯ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। হারুনুর রশীদ উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের আবুল কালাম ওরফে বিল্লাত মিয়ার ছেলে ও বাহুবল নতুন বাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ অক্টোবর আপন ছোট ভাই মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম করেন শিক্ষক হারুনুর রশীদ। এক পর্যায়ে তার বাম হাতের ৩টি আঙ্গুল কেটে ফেলেন। এ ঘটনায় ৭ অক্টোবর আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত মামলা রুজুর নির্দেশ দেন। যার জিআর নং-১৫৭/২৫ (বাহু)। পরে উচ্চ আদালত থেকে হারুনুর রশীদ ৬ সপ্তাহের জামিন লাভ করেন। গতকাল বুধবার কোর্টে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।