স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সেলুন থেকে টিয়ারসেল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নাশকতার অভিযোগে বিমল শীল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আটক বিমল শীল জগদীশপুর গ্রামের যোগেশ শীলের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। গতকাল বুধবার বিকেলে আটক বিমল শীলকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগদীশপুর বাজারে বিমলের সেলুনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫টি কার্তুজ, ৬টি টিয়ারসেল ও ১টি ওয়াকিটকি উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য বিমলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাকে সন্দেহজনক মনে হলে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়া এ ঘটনায় আর কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
ওসি জানান, বিমলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে আনা হবে। এছাড়া এটি নাশকতার অংশ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

