স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক (টমটম)-এর মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন, ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)। তারা দু’জনই সদর উপজেলার ছোট বহুলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার দিন তিন জন মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া নিহত হন এবং পেছনে থাকা দুই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট রেফার করেন।
এ বিষয়ে সদর থানার এসআই ধ্রুবেশ দাস জানান, তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

