শীতের রাতে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না জলিলের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলামের নেতৃত্বে এসআই ধ্রুবেশ চক্রবর্তী, প্রদীপ সরকার, প্রদীপ রায় ও আউলাদ হোসেন মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় জলিলের বাড়ি ঘেরাও করেন। এ সময় জলিল নিজেকে রক্ষায় শীতের রাতে পুকুরে ঝাপ দেয়। এক পর্যায়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লাইটের আলোতে দেখা যায় কচুরিপানার মধ্যখানে সে ভেসে আছে। বারবার তাকে ডাকলেও সে উঠে আসেনি। পরে লোকড়া ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদের সহযোগিতায় পুলিশ তাকে পুকুর থেকে তুলে আনে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকাল বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

