নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে প্রার্থী করার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্যবাজার থেকে মশাল মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে গিয়ে পথসভায় রূপ নেয়।
পথসভায় বক্তাগণ হবিগঞ্জ-১ আসনে সদ্য দলে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।
বক্তাগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, যুক্তরাজ্যে স্বাচ্ছন্দ্যময় জীবন ত্যাগ করে শেখ সুজাত মিয়া বিগত চার দশক ধরে নবীগঞ্জ-বাহুবল এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগের কারণেই হবিগঞ্জ-১ আসনে বিএনপি আজ একটি সুসংগঠিত অবস্থানে রয়েছে। এ সময় নেতাকর্মীরা হবিগঞ্জ-১ আসনে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

