মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বাইজিদ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাইজিদ মিয়া মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম বেজুড়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে বাইজিদ মাদ্রাসায় যাতায়াতের পথে ভিকটিমকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন তা বাইজিদের স্বজনদের অবগত করেন। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৭ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ১১ টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অন্য দুই সহযোগীর সহায়তায় বাইজিদ ঘরে প্রবেশ করে। পরে ভিকটিম ঘরে ফিরে এলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভিকটিমের শোর চিৎকারে তার বাবা-মা ঘটনাস্থলে এসে বাইজিদকে দেখতে পান। পরে সে ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাইজিদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

