স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গ্যাস সংযোগের শিরোনাম পূর্বাবস্থায় ফেরত আনা এবং একই সাথে সাময়িকভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করেছেন সৌদি প্রবাসী শায়েস্তাগঞ্জের দাউদনগর-সাবাসপুরের মরহুম মোঃ ফুল মিয়ার ছেলে নাঈম আহমেদ। লিখিত আবেদনে তিনি বলেন, ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি নিজ নামে নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন করেন। পরবর্তীতে ২১ জানুয়ারি তারিখে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ তার নামে ৮ হাজার ২৬৪ টাকা চাহিদাপত্র ইস্যু করে। নির্ধারিত অর্থ তিনি ২০১৪ সালের ২৩ জানুয়ারি পূবালী ব্যাংক, বার লাইব্রেরি শাখায় জমা দেন।
তিনি আরও জানান, তার গ্রাহক সংকেত নম্বর ১৩০১০০৭৪৭। ২০১৪ সালের ১৯ জুলাই তার নামে রাইজার স্থাপন করা হয়। পরবর্তীতে তার বড় ভাই মোঃ শামীম আহমেদ গ্যাস অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুল তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে সংযোগের শিরোনাম তার নাম থেকে পরিবর্তন করে অন্য নামে স্থানান্তর করা হয়। এছাড়া ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সুপারিশক্রমে তার নিজ বাসা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে তিনি প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন।
আবেদনকারী আরও জানান, প্রবাসীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও নাগরিক অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। তাই দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে গ্যাস সংযোগের শিরোনাম পুনরায় তার নামে পরিবর্তন এবং তার আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে সাময়িক (অস্থায়ী) ভাবে সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। এ বিষয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক (বিপণন দক্ষিণ) এবং উপ-মহাব্যবস্থাপক (আরডিডি), হবিগঞ্জ বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।