স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং ইউনিয়নের বাওয়া বিলে চলে আসা একটি বানরকে পিটিয়ে হত্যা করেছেন এক কৃষক। গতকাল রবিবার বিকেলে বানরটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন রুহিতনসী গ্রামের কবির মিয়ার ছেল কৃষক সাদিকুর মিয়া (৫০)। পরে মৃত বানরটিকে টেনে হেঁচড়ে রুহিতনসী গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কে রাখা হলে স্থানীয় লোকজন ও শিশু কিশোরা দেখে ভিড় জমায়। পরে একটি খালের পাড়ে মৃত বানরটিকে ফেলে দেয়া হয়।
বানর হত্যার বিষয়টি স্বীকার করে সাদিকুল মিয়া বলেন, ‘আমি বাওয়া বিল এলাকায় মাছ ধরতে যাই। এসময় একটি বানর ঘোরাফেরা করতেছে দেখতে পেয়ে কয়েকজন মিলে ধাওয়া দিয়ে বানরটিকে আটক করি। পরে বানরটিকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করলে বানরটি হঠাৎ আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লাঠিসোঁটা নিয়ে বানরটিকে পুনরায় ধাওয়া দিয়ে আটক করে বেধড়ক মারধোর করলে বানরটি মারা যায়।’
মনিরুজ্জামান নামে একজন বলেন, ‘পাহাড়ি এলাকায় খাদ্য সংকটের কারণে বানরসহ অন্যান্য প্রাণি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তবে প্রাণি গুলোকে মারা ঠিক নয়।’
এ ব্যাপারে ড. জহিরুল হক শাকিল বলেন, হবিগঞ্জের প্রকৃতির সৌন্দর্য হলো এই বানর। এভাবে নিরীহ প্রাণীকে হত্যা করা মেনে নেওয়া যায় না। সরকার বন্য প্রাণী রক্ষায় নতুন আইন করেছে। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বিষয়টি প্রাণিজ সম্পদ কর্মকর্তাকে অবহিত করার কথা বলেন।
এ বিষয়ে কথা হলে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ডাঃ মাহমুদ হোসাইন বলেন, আমরা কিছুদিনের মধ্যেই একটি সচেতনমূলক সভা করব। জনসাধারণকে আপনারা বুঝান বন্যপ্রাণী যাতে না মারে।