নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কৃষি জমি থেকে জিতু মিয়া (৪২) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষি জমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইয়াল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। বিকেলের দিকে কিছু ব্যক্তিগত কাজের কথা বলে দোকান থেকে বের হন। এরপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে কৃষি জমিতে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের পরিবার আরও জানায়, জিতু মিয়া কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, গজনাইপুর ইউনিয়নের একটি কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

