নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে দুই বিএনপি নেতা মৌমাছির কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. শফিকুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার।
চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম জানান, রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মাধবপুরের নোয়াপাড়া এলাকা থেকে চুনারুঘাটে ফেরার পথে সাতছড়ি সড়কের রামগঙ্গা ও আশপাশের মাঝামাঝি এলাকায় হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন তারা। এ সময় মৌমাছির কামড়ে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চুনারুঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মৌমাছির কামড়ে আক্রান্ত দুই নেতাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে খবর পেয়ে রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার হাসপাতালে ছুটে যান। তিনি আহত নেতাদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

