শায়েস্তাগঞ্জে সীরাতুন্নবী (স.) মাহফিলে ধর্ম উপদেষ্টা
মোহাম্মদ কামরুল হাসান ॥ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, পৃথিবীতে মুসলমান আছে দুইশত কোটি, মানুষ আছে ৮০০ কোটি। আমরা ছাড়াও দুনিয়াতে আরো মানুষ আছে। বাংলাদেশের ৫৪ বছরে আমরা আখলাক ঠিক করেতে পারিনি। আমরা চোর, আমরা ঘুষখোর, সুদখোর, আমরা লুটেরা। যেকারনে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নেই। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক সীরাতুন্নবী (স.) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশে আমাদের জন্ম, এদেশের মাটির তলে আমরা চলে যাবো। এই দেশের সম্পদ, গাছপালা আমরা কাটবো না, চুরি করব না। দেশকে ভালোবাসবো, দেশকে মহব্বত করব, এটার নাম দেশপ্রেম। দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে নিয়ে যায় তারা দেশের দুশমন। আজ হোক কাল হোক এদের বিচার হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, যারা জিতে তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন। যেমন- ফুটবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি। আমরা গোটা পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি। আমরা কি ভালো হব না? আমরা কি ভালো হতে পারবো না?
তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল হই। টাকা পয়সা ধন দৌলত দেখলেই আমাদের আর হুস থাকে না। খবরদার! আল্লাহর আজাব আল্লাহর গজবের অপেক্ষা করুন।
মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা নুরুল্লাহ সফির পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আল্লামা রশিদুর রহমান ফারুক বরুণা, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী রেজাউল করিব আবরার, মুফতী মোতালিব হুসাইন সালেহী প্রমূখ।

