স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার সংলগ্ন উবাহাটা সরকারি রাস্তার প্রবেশমুখে ও রাস্তার সামনে সিএন্ডবি সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপন অপসারণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। গত ১১ ডিসেম্বর স্থানীয় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তিনি এ আদেশ দেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলার ও শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মৌজার ৭নং ওয়ার্ডের ১নং খতিয়ানের সরকারি রাস্তার প্রবেশমুখে এলাকার কিছু প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। ফলে উক্ত রাস্তায় জনসাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। একাধিকবার সার্ভেয়ার সরজমিনে মাপঝোক করে অবৈধ স্থাপনা চিহ্নিত করার পরও প্রভাবশালীদের কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। গত ২৪ নভেম্বর হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে গণশোনানীতে উক্ত বিষয়টি উপস্থাপিত হলে জেলা প্রশাসক বিষয়টি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। পরবর্তীতে চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও সওজ এর সার্ভেয়ার যৌথভাবে সরেজমিনে মাপঝোক করে অবৈধ স্থাপনা চিহ্নিত করেন। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। স্থানীয় এলাকাবাসী জেল প্রশাসকের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।