সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ডিলার শিপন ট্রেডার্স এর মালিক সনজিত পালের দোকান থেকে সার জব্দ করা হয়। ১৫৮ বস্তা সারের মধ্যে ৭৯ বস্তা এমওপি যার সরকারি বাজার মূল্য ৭৯ হাজার টাকা, ৬৮ বস্তা ইউরিয়া যার সরকারি বাজার মূল্য ৯১ হাজার ৮শ’ টাকা ও টিএসপি ১১ বস্তা যার সরকারি বাজার মূল্য ১৪ হাজার ৮৫০ টাকা। সার জব্দ অভিযানে সহায়তা করে লাখাই থানা পুলিশের একটি টিম।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন, ‘লাখাই উপজেলার সার পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় পাচারের জন্য মোড়াকরি বাজারে একটি দোকানে লুকিয়ে রাখা হয়। একটি চা স্টলে চা খাচ্ছিলাম। একটি বন্ধ দোকানের সামনে কয়েকটি সারের দানা পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম মহোদয়কে বিষয়টি অবহিত করে পুলিশের সহযোগিতা নিয়ে দোকানের তালা খোলা হলে সেখানে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দকৃত ১৫৮ বস্তা সার ওই ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
কঠোর হুশিয়ারি করে তিনি বলেন, সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই লাখাই উপজেলার সার অন্য উপজেলা বা জেলায় বিক্রি করতে দেওয়া হবে না।