স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার হযরত শাহ্ সোলেমান ফতেহ্ গাজী (রহঃ) ওরস মোবারক আজ রবিবার থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ওরস চলবে। ওই দিন রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে এ ওরস সম্পন্ন হবে।
ওরসকে কেন্দ্র করে ইতোমধ্যে মাজার প্রাঙ্গণে নিষিদ্ধ বাউল গানের প্যান্ডেল তৈরি করেছেন আয়োজকরা। অন্যদিকে একটি চক্র মাজারে ত্রিপাল টানিয়ে জুয়ার আসর বসানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে জেলার কোথাও বাউল গানের আসর বসবে না। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে একটি চক্র মাজার প্রাঙ্গনে ১০টিরও বেশি বিভিন্ন শিল্পীর ছবি দিয়ে ব্যানার, ফ্যাস্টুন লাগিয়ে প্যান্ডেল তৈরি করেছে। গতকাল শনিবার থেকেই বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন বাউল শিল্পী মাজারে এসে পৌঁছেছেন। যার সত্যতা সরেজমিনে গিয়ে পাওয়া যায়। তবে প্রশাসন থেকে বরাবরের মতোই বাউল গান নিষেধ করা হয়েছে। কিন্তু তার পরও কৌশলে তারা বাউল গান করার পায়তারা চালাচ্ছে। ভক্তরা মনে করেন এসব বাউল গান এবং জুয়ার আসর হলে মাজারের পবিত্রতা নষ্ট হবে।
আজ ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ও ১৬ ডিসেম্বর পর্যন্ত ওরস চলবে। ৩ দিনব্যাপী ওরস এবং মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় সপ্তাহ ব্যাপী ওরস এবং মেলা হয়ে থাকে।