স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি পতিত জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুরহানপুর মৌজার জেএল নং-৪৭, দাগ ৪৪৫ ও ৪৯৮, খতিয়ান নং-১ এর সরকারি ভূমিটি বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হওয়ায় দীর্ঘদিন ধরে স্কুলের খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে শিক্ষার্থীরা। শুধু খেলার মাঠই নয়, গ্রামের কেউ মারা গেলে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কিন্তু গতকাল শুক্রবার ভোর থেকে ওই ভূমিটি জোর পূর্বক দখল করে বাউন্ডারী নির্মাণ কাজ শুরু করেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন চঞ্চল, যুবলীগ নেতা শাহরান মিয়াগং। এ নিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসী বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের ও নবীগঞ্জ ভূমি অফিসের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেন চঞ্চল গংদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু পুলিশসহ ভূমি অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও কাজ শুরু করেন আবুল হোসেন চঞ্চল গং।
এ ব্যাপারে ইনাজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জানান, বিরোধপূর্ণ ভূমিটি মূলত সরকারি খাস জায়গা। দু’য়েক বছর আগে গ্রামের পঞ্চায়েত কমিটি মাটি ফেলে জায়গাটি ভরাট করেন। এরপর স্কুলের শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করে আসছে। জায়গাটি মূলত স্কুলের দখলে রয়েছে। জায়গা দখলের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আমি অভিযুক্তসহ অভিযোগকারী গ্রামবাসীর সাথে কথা বলেছি। যতটুকু বুঝেছি তাদের মধ্যে এ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।