শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ
নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে হিতৈষী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোস্তফা মোর্শেদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিতৈষী ফাউন্ডেশনের সভাপতি এস. এম. মিজান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. জালাল আহমেদ বলেন, শিক্ষা উপকরণ শুধু পড়ার সামগ্রী নয়; এটি একটি শিশুর আত্মবিশ্বাস, আগ্রহ ও স্বপ্ন গঠনের পথপ্রদর্শক। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। তাদের অগ্রযাত্রায় সহায়তা করা মানে দেশের উন্নয়নে বিনিয়োগ করা। হিতৈষী ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। তিনি আরও বলেন, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আর এক্ষেত্রে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিবৃন্দ একে একে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। উপজেলার ১৩ বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন শ্রেণির ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, খাতা কলম। প্রয়োজনীয় উপকরণ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।