লাখাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লাখাই থানার নবাগত ওসি মোঃ জাহিদুল হক। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে উপজেলার আইনশৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের কথা তুলে ধরেন। সেই সাথে মাদক, জুয়া ও দাঙ্গা রোধে পুলিশি সেবা গ্রহণে যেন স্বচ্ছতা ও যেকোন ধরনের হয়রানি মুক্ত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
নবাগত ওসি মোঃ জাহিদুল হক বলেন, মাদক, জুয়া ও দালালদের বিরুদ্ধে লাখাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। লাখাই উপজেলায় কোন রকম মাদক, জুয়া ও দাঙ্গা চলবে না। লাখাই থানাকে শতভাগ দালাল মুক্ত করা হবে। অপরাধীদের কোন ছাড় নেই। পুলিশের কাজ জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। আইনের মধ্য থেকে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি গুজব প্রতিরোধে সঠিক তথ্য জেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান।

