স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মিয়া (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টায় তিনি ইন্তেকাল করেন। শনিবার দুপুরে মশাদিয়া গ্রামের মাঠে মরহুমের জানাজার নামাজের পূর্বে তাকে শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ। এসময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়ার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান লাখাই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা। বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মিয়া মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।