স্টাফ রিপোর্টার ॥ প্রতিবেশী দশম শ্রেণির শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয় শাহরিয়া আরশ (২১)। পরে স্কুলে যাতায়াতের সময় রাস্তাঘাটে প্রায়ই তাকে কুৎসিত অঙ্গভঙ্গি করতো এবং কুপ্রস্তাব দিতো আরশ। মেয়েটি অতিষ্ঠ হয়ে তার মাকে বিষয়টি জানালে তিনি আরশের মাকে বিস্তারিত খুলে বলেন। কিন্তু এতেও থামেনি সে। প্রেমে ব্যর্থ হয়ে আরশ অপহরণ করেন ওই স্কুলছাত্রীকে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাজার করে বাড়ী ফেরার সময় মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় আরশ ও তার সহযোগীরা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যার নং- ৪/২১২। মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে নামে র‌্যাব-৯। তারই ধারবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীটিকে উদ্ধার ও আরশকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। উদ্ধারকৃত স্কুলছাত্রী ও অপহরণকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।