মোড়াকরি ইউনিয়নে গণদোয়া মাহফিলে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বাংলাদেশের গণতন্ত্র চিরদিনের জন্য গলাটিপে হত্যা করেছিল, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, যারা খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ থেকে আলাদা করতে চেয়েছিল, আমাদেরকে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। কারণ বাংলাদেশের কোনো মানুষ তাদের কাছে নিরাপদ নয়। গতকাল শুক্রবার বিকেলে লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপির গণদোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জি কে গউছ আরও বলেন, ওসমান হাদি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন সাচ্চা দেশপ্রেমিক। ওসমান হাদি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। যার চিন্তা চেতনায় ছিল ইসলামী মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আদর্শ হিসেবে ধারণ করেছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া যে কত পরিহার্য ওসমান হাদি তা তুলে ধরেছেন।
তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ভারতের তাবেদারী যাদের একমাত্র অবলম্বন, সেই পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতেই ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে ঢাকার রাজপথে শহীদ করেছে। এ ঘটনায় সারাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দল রাজপথে নেমে এসে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জি কে গউছ বলেন, খালেদা জিয়া জীবনে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। খালেদা জিয়া আমাদের গর্ব, খালেদা জিয়া আমাদের অহংকার। খালেদা জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাকে সমন্বিত রাখার জন্য সামনে এগিয়ে গেছেন। তিনি আজ গুরুতর অসুস্থ। আমরা মহান আল্লাহ নিকট দোয়া করি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেক হায়াৎ দিয়ে সুস্থ করে দেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল আহাদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাম, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ প্রমূখ।