স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে অবৈধভাবে আনা ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হাবিবুর রহমান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় সদর উপজেলার লস্করপুরের ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান নওগাঁ জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।
ডিবির ওসি শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৯৪ বস্তায় রাখা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। অভিযানে জিরা বহনকারী মো. হাবিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।