স্টাফ রিপোর্টার ॥ খেলার মাঠের মালিকানাকে কেন্দ্র করে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও শিবজয়নগর গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক মাঠে ফুটবল খেলতে গেলে ওই সময় হরিতলা গ্রামের কিছু যুবক সেখানে ক্রিকেট খেলছিল। এ সময় মাঠের মালিকানা দাবি নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় শিবজয়নগর গ্রামের কয়েক যুবক হরিতলা গ্রামের যুবকদের ওপর চড়াও হয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে নিজ গ্রামে গিয়ে মাইকিং করে লোকজন জড়ো করে পুনরায় এলাকায় আসে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মহাসড়ক পর্যন্ত উভয় পক্ষের লোকজনের মাঝে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, যে মাঠকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি শিবজয়নগর গ্রামের মাঠ। কেন হরিতলা গ্রামবাসী বর্তমানে মাঠটি তাদের দাবি করছে সে বিষয়ে তিনি অবগত নন। তবে এ ঘটনার জেরে উভয় গ্রামেই এখনও উত্তেজনা বিরাজ করছে বলে তিনি জানান।
অন্যদিকে হরিতলা গ্রামের বাসিন্দা শাহ আলম জানান, শিবজয়নগর গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে খেলার মাঠটি দখলের পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিবজয়নগর গ্রামের কিছু যুবক মাঠে খেলতে আসে। যাদের উদ্দেশ্য ছিল ঝামেলা সৃষ্টি করা। তিনি অভিযোগ করেন, তারা নিজেরাই সংঘর্ষের সূচনা করে পরে নিজ গ্রামে গিয়ে মাইকিং করে লোকজন এনে হরিতলা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে তাদের গ্রামেরও অনেক লোক আহত হন।