স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় মোঃ স্বপন মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বপন বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত স্বপন দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। গত ৬ নভেম্বর সকালে ছুরি হাতে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় স্বপন। এসময় সে স্বর্ণালংকারও লুট করে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। র্যাবের অভিযানে অভিযুক্ত স্বপনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

