নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ভবান চা বাগান এলাকায় একটি টিলায় মাটি কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় মাটি কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। প্যারাগণ চা বাগান কর্তৃপক্ষ বলছে, তাদের নিজস্ব জায়গায় পুকুর খননের সময় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাদের উপর মামলা করানো হয়েছে। অভিযোগটি এখনও মামলা রের্কড করা হয়নি বলে জানান নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভবান মৌজায় সরকারি জায়গা থেকে টপ সয়েল কাটার অভিযোগে গত ১১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনবিহীন ভাবে ভবান চা বাগানের ভেতরে পরিচালিত অভিযানে একটি টিলায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা অবস্থায় পাওয়া যায়। মাটি কাটার ব্যাপারে ম্যানেজার বিনয় চন্দ্র বর্মনকে ইতিপূর্বে নিষেধ করা হলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাটি কাটার উদ্যোগ নেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারা লংঘন করা হয়েছে অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ভবান মৌজার প্যারাগণ চা বাগানের ম্যানেজার বিনয় চন্দ্র বর্মন বলেন, তারা নিজস্ব জায়গায় পুকুর খনন করার সময় ভুল তথ্য প্রশাসনকে দেয়া হয়েছে। তারা পাহাড় টিলা কিছুই কাটেননি।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, আমরা নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। তারা পরবর্তী ব্যবস্থা নিবেন।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, তারা একটি এজাহার পেয়েছেন, এখনও রের্কড করা হয়নি।

