বাহুবল প্রতিনিধি ॥ কনকনে ঠান্ডা আর শীত উপেক্ষা করে বাহুবল বাজারে দ্বিতীয় বারের মতো বসেছে দিনব্যাপী পৌষ সংক্রান্তি মাছের মেলা। মেলায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ নিয়ে বসেন ব্যবসায়ীগণ। আর বাহারী মাছ এক নজর দেখতে ভিড় জমে দর্শনার্থীদের।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ছিল এ মাছের মেলা। একদিনের মেলায় বেশ জমে ওঠে বাহুবলের মাছ বাজার। সকাল থেকেই চলে মানুষের আনাগুনা। ক্রয়-বিক্রয় ও হই-হুল্লুরে বেশ জমে উঠে মেলা। তবে বাজারে জায়গা সংকট থাকায় দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। মেলাটি পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে বড় আঁকারে আয়োজন করার দাবি ব্যবসায়ী ও দর্শনার্থীদের।
সরেজমিনে দেখা যায়, মাছের মেলা উপলক্ষে উৎসবে মেতেছেন সকল শ্রেণি পেশার মানুষ। তবে বিগত বছরের চাইতে এ বছর পর্যাপ্ত পরিমাণ মাছ নিয়ে মেলায় বসেন স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়া দূর-দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় আসেন ব্যবসায়ীরা। বড় বড় মাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মেলায় এনে সাজিয়ে রাখা হয়। মেলায় বোয়াল, বাঘাইর, কাতল, চিতল, রুই, কাতলাসহ সব ধরনের মাছ দেখতে পাওয়া যায়। তবে বেশ চড়া দাম হাঁকান মাছ বিক্রেতারা।
মেলায় আসা এক ক্রেতা জানান, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম বেশ চড়া। বিক্রেতাদের সাথে দর কষাকষি করে মাছ কিনে নিতে হয়। তার পরও সবাই সাধ্যমতো মাছ ক্রয় করছেন। মেলায় আসা এক মাছ বিক্রেতা বলেন, আমরা সব ধরণের মাছ নিয়ে এসেছি। মাছের দাম একটু বেশি থাকায় আমরাও কিছুটা দাম বেশি চাচ্ছি। মেলায় মোটামুটি ভালোই বেচা-কেনা হচ্ছে।