স্টাফ রিপোর্টার ॥ র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব-৯) এর যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ (রহ.) এলাকার আলোচিত ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খানকে (৩২) হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ২ টায় হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম খান সিলেটের শান্তিবাগ, উত্তর বালুরচর শাহপরাণ (রহ.) এসএমপি সিলেটের জাফর আলী খানের ছেলে।
গত ১০ নভেম্বর বিকেল ৫টার দিকে শাহপরাণ থানার ছড়ারপাড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফাহিমের ওপর পরিকল্পিত হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। এসময় প্রধান আসামির নেতৃত্বে হামলাকারীরা দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমের পথরোধ করে। হামলায় ফাহিম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর রাত প্রায় ৩টার দিকে ফাহিমের মৃত্যু হয়। পরে এ ঘটনায় শাহপরাণ থানায় হত্যা মামলা (ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলো।
মামলার তদন্তে র ্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সূত্রের ভিত্তিতে র ্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ দল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি আলম খানকে গ্রেফতার করে। পরে তাকে এসএমপি সিলেটের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়।