নুর উদ্দিন সুমন ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর হবিগঞ্জ শহরের চিলড্রেন পার্কে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগলেও দেশ ও জনগণের কথা কখনো তার হৃদয় থেকে মুছে যায়নি। মহান আল্লাহর দরবারে তার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরে জনগণের নেতৃত্ব দিতে পারেন সে কামনাও করা হয়। মোনাজাত পরিচালনা করেন চান মিয়া মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান আশিক।

