স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন লাখাই ভূমি অফিসের কর্মচারি প্রণব চন্দ্র দেব। তাকে তাৎক্ষণিক মোবাইল কোর্টে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয়েছে। ধৃত প্রণব দেব বানিয়াচঙ্গ উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেব এর ছেলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এক চাকরি প্রার্থীর খাতায় স্বাক্ষর করতে গিয়ে দায়িত্ব পালনকারি শিক্ষকের সন্দেহ হয়। তখন তিনি তাকে আটক করেন। কাগজপত্র পর্যালোচনা করে এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম প্রণব চন্দ্র দেব। তিনি হরবল্লা দেবের ছেলে আশীষ দেবের পক্ষে পরীক্ষা দিতে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাকে সাথে সাথে আটক করা হয়। পরে তাৎক্ষণিক মোবাইল কোর্টে প্রণব দেব অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। এক মাসের সাজা প্রদানের কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সরকারি চাকরি চলে যাবে কি-না এমন প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

