বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার নতুন বাজারে বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ১৬ জুন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় চক্ররামপুর গ্রামের মফিজুর রহমান চৌধুরীর ছেলে ছাদেক চৌধুরীর সাথে স্থানীয় পূর্ব জয়পুর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে হারুনুর রশীদ সহ আওয়ামী লীগ নেতাকর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ছাদেক চৌধুরী আত্মরক্ষার্থে দৌঁড়ে স্থানীয় নতুন বাজার বিএনপির অফিসে ঢুকে যান। এমতাবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির অফিসে ঢুকে ছাদেক চৌধুরীকে মারপিট করেন এবং অফিসে রক্ষিত শহীদ জিয়ার ছবি, বেগম খালেদা জিয়ার ছবি ও তারেক রহমানের ছবি নামিয়ে ভেঙ্গে চুরমার করে দেয়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাংচুর করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রীয় বিএনপির নেতা, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই শিবলু, শ্রমিকদল সভাপতি সানাউল হক চৌধুরী সানু, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুক ও সাতকাপন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ মোঃ দুলাল মিয়া মেম্বার, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে এ ঘটনায় ছাদেক চৌধুরী বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করে গত বুধবার ১৮ জুন রাতে বাহুবল মডেল থানার মামলা নং ১২ দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।