স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়কে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গৌতম রায়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ আওয়ামী লীগের আরও ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলা দায়েরের পর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে চলে যান রানা, গৌতমসহ অন্যান্য আসামীরা। গত মাসে মামলার প্রধান আসামী নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি ভারত চলে গেছেন বলে একটি সূত্রে জানা গেছে। বিষয়টি জানতে পেরে মামলার বাদি গত ৪ জুন অন্যান্য আসামীরা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সে মর্মে আদালতে আবেদন করেন।

