হামলা প্রতিরোধ করতে গিয়ে ছাত্রলীগ নেতার ভাই আহত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম আহমেদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ২৫ ডিসেম্বর বিকেল ৫টায় নাঈমের গোবিন্দপুরস্থ গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নাঈমের বড় ভাই জসিম উদ্দিন রুমেন হামলা প্রতিরোধ করতে চাইলে তাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে ৩নং তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম আহমেদ গংদের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা জামাত নেতা সোহাগ আহমেদ ও বিএনপি নেতা রাজিব আহমেদ গংদের বিরোধ চলে আসছিল। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহাগ ও রাজিব গং নাঈমসহ তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এ জের ধরে সোহাগ ও রাজিব গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২৫ ডিসেম্বর নাঈমের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলা প্রতিরোধ করতে নাঈমের বড় ভাই জসিম উদ্দিন রুমেন এগিয়ে আসলে তাকে পিটিয়ে রক্তাক্ত করে তারা। এ সময় নাঈমের বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। পরে গ্রামের মুরুব্বীয়ান এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় নাঈমের ভাই রুমেনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রুমেন জানান, পূর্ব বিরোধ ও রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সুযোগে সোহাগ ও রাজিব গং আমাদের বাড়িতে হামলা করেছে। এ সময় তারা আমাদের বাড়িঘর ভাংচুর করে এবং কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি আমরা। এখন আমরা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা নাঈমের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।