নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় চুনারুঘাট সহ জেলার বিভিন্ন উপজেলার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সাইবার প্রতারণার একাধিক অভিযোগের পর অনুসন্ধান ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মোট ৬ জন ভুক্তভোগীর ১ লাখ ২৮ হাজার টাকা এবং ১৮ জনের ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে সোমবার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন। তিনি বলেন, সাইবার অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের শনাক্ত ও উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। পুলিশ সুপার আরও বলেন, অনলাইন লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং কোনো সন্দেহজনক কল বা লিংকে সাড়া না দেওয়ার আহ্বান জানান। জেলা পুলিশ জানায়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

