স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে মাধবপুর-চুনারুঘাট উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করবো। রাস্তাঘাট, বীজ, কালভার্ট, স্কুল-কলেজ, স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। অতীতে রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও যে উন্নয়ন মাধবপুর-চুনারুঘাটে করেছি তা অন্য কোন নেতা করে দেখাতে পারেনি। খোয়াই নদী, সোনাই নদী ও কাষ্টি নদীর উপর কয়েকটি বড় বড় ব্রীজ করিয়েছি। শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে হাজার হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, শীত বস্ত্র ও বিনামুল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। এলাকার মেধাবি ও গরীব শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মেধা ও শিক্ষা বৃত্তি চালু করেছি।
তিনি বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবেন আগামীতে প্রধানমন্ত্রী। তিনি দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়শীল রাষ্ট্রে পরিণত করা হবে। বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সোমবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজু মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া, মাসুকুর রহমান, ফরাশউদ্দিন বাবু, অলিউল্লাহ, সহিদ মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, চৌধুরী ফজলে ইমাম সুমন, আলফাজ মহালদার, জয়নাল মহালদার, জালাল মিয়া প্রমূখ।

