এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে।।  আজমিরীগঞ্জে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। একই সময়ে ওই এলাকার আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে বাড়ীর পাশে জমিতে গরু চড়াতে যান আলমগীর মিয়া। ওই সময় মুষলধারে বৃষ্টির মধ্যেই বজ্রপাত শুরু হয়। আলমগীর মিয়া ঘাস চাষকৃত জমিতে গরু বেঁধে রেখে বাড়ি আসার পথে বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় ওই এলাকার আমির হোসেন মিয়ার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে মিনাদুল (৯) বাড়ীর পাশে খেলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। তাছাড়া পাশের গ্রামের ইজু মিয়ার স্ত্রী ফুলনাহার (৩০) বাড়ীর সামনে দাড়ানো অবস্থায় বজ্রপাতে আহত হন।

আহত মিনাদুলকে আজমিরীগঞ্জ উপজেলা স্বা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত ফুলনাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে তাকেও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাছাড়া গুরুতর আহত আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মিয়া কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর নতুনহাটি গ্রামের কদ্দুস মিয়া পুত্র।
এদিকে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে দুটি মহিষ হাওরে ঘাস খাওয়া অবস্থায় বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে।