নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার আলামিন হাশিমিয়া আবাসিক মাদরাসায় গোলাম রাব্বি (১৩) নামের এক ছাত্রের গলায় ফাঁস লাগনো লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহত রাব্বি বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ওই মাদরাসায়।
সূত্র জানায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া হাফিজিয়া ও আলীয়া মাদরাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। সে হিফয বিভাগের ছাত্র। পাশাপাশি আলীয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। ১৬ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৭ পারা শুরু করে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অন্যান্য ছাত্ররা ঘুমিয়ে পড়লে রাব্বি মাদরাসার সংলগ্ন মসজিদে মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসা ছাত্রের এই মৃত্যুকে রহস্যজনক দাবী করেছেন স্থানীয়রা।
মাদ্রাসা ছাত্রের বাবা কাউসার মিয়া বলেন, আমার ছেলে কিভাবে মারা গেছে মারা গেছে এখনও বলতে পারবো না। আমরা লাশ নিয়ে এখন হবিগঞ্জ মর্গে আছি। সুরতহাল রিপোর্ট দেখার পরে বলতে পারবো কি হয়েছে। গতকালও তার সাথে কথা হয়েছে সে বলেছে সুস্থ আছে। হঠাৎ বুধবার সকালে মাদ্রাসার পরিচালক আশিক সাব ফোন করেন বলেন আমার ছেলে অসুস্থ, তাই দ্রুত এসে দেখি সে আর নেই।
মাদ্রাসার পরিচালক ডাঃ আশিকুর রহমান জানান, সকালে ছেলেটা একা তার রুমে দরজা দিয়ে পড়ছিল, তখন সে তার অন্যান্য সহপাঠীদের বলে কেউ যেন তার রুমে না আসে। আমাদের এটা আবাসিক মাদ্রাসা, সকালের পড়া শেষ করে যখন ছাত্ররা নিজেদের রুমে যান তখন দেখতে পান তার ঝুলন্ত লাশ। তাৎক্ষনিক ছাত্ররা চিৎকার করলে মাদ্রাসার বার্বুচি ছুটে এসে লাশ নিচে নামান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান। তিনি বলেন লাশ সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।