নবীগঞ্জে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভায় মলয় ভূষন চক্রবর্তী
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া খেলার মাঠে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা। রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩ টায় ইউনিটি ফর সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডি) ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষন চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন ইউএসডি’র প্রধান সমন্বয়কারী ক্বারী শাহাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মোঃ এবাদুর রহমান হিমেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী রায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউএসডি’র সংগঠক মাওলানা ডাঃ শাহ মোহাম্মদ ছাফিউর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ। এছাড়াও সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সমাজ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। বক্তারা সবাই মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তী বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমাদের দেশের যুব সমাজ আজ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের পথে। একে রোধ করতে হলে শুধু প্রশাসন নয়, পরিবারের সদস্য, শিক্ষক ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সচেতনতা, শিক্ষা ও সমাজিক বন্ধন এই তিনটি শক্তিই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।’

