চুনারুঘাট প্রতিনিধি ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের কতিপয় উশৃঙ্খল চা শ্রমিক মরতুজ আলী (৫০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করেছে। বুধবার রাত ১০ টায় চান্দপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরতুজ আলী চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) রাত ১০টার দিকে মরতুজ আলী তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা (রেজি: হবিগঞ্জ-থ-১১-৮৪৪৪) নিয়ে চুনারুঘাট সিএনজি স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় দেওরগাছ ইউনিয়নের কয়েকজন চা শ্রমিক তার গাড়ি ভাড়া করে চান্দপুর বাজারে যেতে চায়।

কিন্ত ভাড়া নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই শ্রমিকরা অন্য একটি সিএনজি নিয়ে চান্দপুর বাজারে চলে যায়। পরে মরতুজ আলী অন্য যাত্রী নিয়ে চান্দপুর বাজারে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে চা শ্রমিক নেতাদের নেতৃত্বে কতিপয় শ্রমিক চা বাগান বাসস্ট্যান্ডে মরতুজ আলীকে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হয়ে  স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পড়ে থাকেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই চুনারুঘাট থানা পুলিশ ঘটনা¯’লে যায় এবং লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ওসি মো: নুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে সনাক্ত করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।