চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪৯ কিলোমিটার সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল জোরদার করেছে। বিএসএফ’র পুশইন এবং অনুপ্রবেশসহ সীমান্তে যে কোন ধরনের অপরাধ ঠেকাতে প্রস্তুত রয়েছে বিজিবি। অধিকাংশ সীমান্ত পাহারা ও চা বাগান হওয়ার কারণে সীমান্তে কড়া পাহারা বসিয়েছে বিজিবি। শনিবার বাল্লা বিজিবি কোম্পানী কমান্ডার পেডরিক জানান, ত্রিপুরা সীমান্তে বিএসএফ অনেককেই পুশইনের জন্য জড়ো করেছে এমন খবরে আমরা প্রস্তুতি বাড়িয়েছি। সীমান্তে বিএসএফকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, সীমান্ত টহল জোরদার করা হয়েছে। বিজিবি সব সময়ই সতর্ক পাহারায় থাকে। তবে সীমান্তে বিএসএফ’র পুশইন ঠেকাতেই উপরের নির্দেশে সীমান্তে কড়া পাহারা চলছে। কোন প্রকার পুশইন যাতে না হয় সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে উপজেলার সাতছড়ি, চিমটিবিল, গুইবিল, কালেঙ্গা ও রেমা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে কড়া পাহারায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানী কমান্ডারগণ। তারা জানান, বিজিবি টহলের পাশাপাশি কড়া পাহারায় রয়েছে। তবে আমাদের প্রতিদিনই পাহাড়ী এলাকায় টহল করতে হয়। পাশাপাশি দুদিন ধরেই সীমান্তে আমাদের কড়া সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
এদিকে সীমান্তের গ্রামবাসীও রয়েছেন প্রস্তুত। উপজেলার গাজীপুর, টেকারঘাট, বাল্লাসহ কয়েকটি গ্রামের মানুষ সতর্ক রয়েছে। তারা বিএসএফ’র পুশইন ঠেকাতে বিজিবির সাথে কাজ করবে বলেও কয়েকজন তরুন জানিয়েছেন।
স্থানীয় গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষও সতর্ক আছে। কোন ভাবেই আমাদের সীমান্তে বিএসএফ পুশইন করতে পারবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

