উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় সাড়ে ১১ টায় আলমগীর মিয়া পাশর্^বর্তী মিনু মিয়ার বাড়ীতে বিদ্যুতের কাজ করতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবসত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত আলমগীরের পরিবারের সদস্যদের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত আলমগীর মিয়ার বড় ভাই জাহাঙ্গীর মিয়া জানান, আমার ভাই বিদ্যুতের কাজ করে। সে ওই দিন রাতে আমাদের পাশের বাসায় কাজ করতে যায়। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় কারো প্রতি আমাদের পরিবারের কোন অভিযোগ নেই।

