বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কুমেদপুরে আক্রোশের জেরে এক প্রবাসীর ৫ শতাধিক কাঁঠাল গাছের চারা কর্তন করেে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা যায়, কুমেদপুর গ্রামের শাহ আহমেদুর রহমান সুফির মালিকাধীন বৃন্দার মৌজায় রয়েছে বিশাল রাবার বাগান। আহমেদুর রহমান সুফি দীর্ঘ ৫০ বছর ধরে স্বপরিবারে লন্ডনে বসবাস করে আসছেন। বছরে দুয়েক বার দেশে এসে কিছুদিন অবস্থান করে আবারো লন্ডন চলে যান। বাগানসহ তার সহায় সম্পত্তি কেয়ার টেকার দিয়ে পরিচালনা করে আসছেন। রাবার বাগানের পাশাপাশি মূল্যবান গাছপালার বাগানও রয়েছে তার। বাগান মালিক আহমেদুর রহমান সুফির অনুপস্থিতির সুযোগে স্থানীয় কতিপয় দুষ্ট প্রকৃতির লোক বাগান থেকে রাবার গাছসহ মূল্যবান কাঠ জাতীয় গাছপালা কখনো চুরি করে আবার কখনো জোরপূর্বক কেটে নিয়ে যায়। সম্প্রতি শাহ আহমেদুর রহমান সুফি দেশে আসেন। তিনি বিষয়টি জানার পর স্থানীয়ভাবে প্রতিকারের উদ্যোগ নেন। দ্বারস্থ হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের। বিষয়টি একটু নড়েচড়ে উঠলে গত ১৫ জুন সকাল ১০ টার দিকে আক্রোশের জেরে আহমেদুর রহমান সুফির বাগানে সদ্য রোপনকৃত উন্নত জাতের ৫ শতাধিক কাঁঠাল গাছের চারা কর্তন ও উপড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই বাহুবল মডেল থানায় অভিযোগ দেন শাহ আহমেদুর রহমান সুফি। অভিযোগ দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি তদন্ত সুকন্ত চৌধুরী বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

